সময়সীমা শেষ, কাজ হয়েছে ৩০ শতাংশ
সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলার ১১টি হাওর রক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ করার তারিখ ছিল গতকাল ২৮ ফেব্রুয়ারি। সরকারিভাবে এই নির্দেশ থাকলেও গতকাল পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ হয়েছে মাত্র ৩০ শতাংশ।সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, দিরাই-শাল্লা ও জগন্নাথপুরের (আংশিক) ১১টি হাওরের বাঁধ নির্মাণের জন্য সরকার পাঁচ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেয়। সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈশাখী বাঁধ, কুত্তামারা বাঁধ, নোয়াখাল বাঁধ, কাদিরপুরের বাঁধ, ঢালার খালের বাঁধসহ অনেক বাঁধের ২০ শতাংশও কাজ হয়নি।পাউবো উপজেলা কমিটির সদস্য হাবিবুর রহমান তালুকদার জানান, পিআইসির মাধ্যমে কাজ করার বিধান থাকলেও এখনো অনেক পিআইসি গঠিত হয়নি। কাজের সময়সীমা শেষ হলেও কাজ হয়েছে ৩০ শতাংশ।কাইমা গ্রামের কৃষক আস্তর মিয়া (৩৮) বলেন, ‘সরকার প্রতিবছরই হাওর রক্ষা বাঁধ কোটি কোটি টাকা দিলেও বাস্তবে ২০ শতাংশও কাজ হয়নি। গত বছরও পাকা ধান পানির নিচে গেল। ইবার যদি ধান পানির নিচে যায়, আমরা বাছমো কিলা।’রফিনগর ইউপির চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘আমার এলাকার বৃহৎ কালিয়ারগোটা হাওরে চারটি পয়েন্টে দুই দিন হয় মাটি কাটা শুরু হয়েছে। কিন্তু সরকারিভাবে গতকাল হাওর রক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এ হাওরে পাঁচ ইউনিয়নের কৃষকের হাজার হাজার হেক্টর জমির ধান এখনো অরক্ষিত।’দিরাই উপজেলার পাউবোর মাঠ কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘আমার অধীনে ১৬ কিলোমিটার হাওর রক্ষা বাঁধ নির্মিত হচ্ছে। অধিকাংশ বাঁধের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সব কাজ শেষ হবে।দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল হক বলেন, হাওর রক্ষা বাঁধে কাজের গতি মন্থর হওয়ায় গত সমন্বয় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।সুনামগঞ্জের পাউবোর প্রধান নির্বাহী শৈলেন চন্দ্র পাল বলেন, ‘আমার কাছে দিরাই-শাল্লা হাওর রক্ষা বাঁধ নির্মাণকাজের সঠিক কোনো হিসাব আসেনি। দিরাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।দিরাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।