সময়সীমার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। ফলে আগাম বন্যার পানি থেকে একমাত্র বোরো ফসল রক্ষা নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ধরমপাশা উপজেলার চন্দ্রসোনার থাল, গুরমা, গোরাডোবা, ধানকুনিয়া, জয়ধনা, কালিহানী, সোনামড়ল, গুরমার বর্ধিত অংশ (শালদিগা ও হলদি হাওর) বাঁধের ভাঙা বন্ধকরণ ও বাঁধ মেরামতের জন্য ৩৪টি প্রকল্পের বিপরীতে এক কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছরের ১৫ ডিসেম্বরে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) দাখিলে বিলম্ব ও হাওরের পানি দেরিতে নামার অজুহাতে এ কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারির মাসের মাঝামাঝি সময়ে। এ ছাড়া হাওর উন্নয়ন ও নিষ্কাশন প্রকল্পের আওতায় চারটি প্যাকেজে গুরমা, চন্দ্রসোনার থাল, সোনামড়ল ও ধানকুনিয়া হাওরের বাঁধ মেরামতের কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আর এতে বরাদ্দ ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। কৃষকেরা জানান, ফসল রক্ষা বাঁধের কাজ যেনতেনভাবে করা হচ্ছে। অধিকাংশ বাঁধের দুই ধারে বাঁশের খুঁটি বা চাটাই দেওয়া হয়নি। ফলে পানির তোড়ে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়বে। পিআইসির সদস্য ও পাউবোর লোকজনের গাফিলতির কারণে প্রায় প্রতিবছরই কোনো না-কোনো হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা যায়, গুরমার হাওরের পাশুয়া ও জিনাইরা বাঁধে পাঁচ-ছয়জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকেরা জানান, জিনাইরা হাওরের বিকল্প (হারি) বাঁধের কাজ শুরু করা হয়েছে বৃহস্পতিবার সকালে। এ কাজ শেষ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। জিনাইরা বাঁধ প্রকল্পের চেয়ারম্যান ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, প্রকল্প কমিটির সদস্যদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে কাজ দেরিতে শুরু হয়েছে। গুরমা হাওরের দক্ষিণ অংশে পাশুয়া হাওর বাঁধের কাজ করা হয়েছে সরু করে। সেখানে কোনো সাইনবোর্ড নেই। এ কাজের প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য মো. আবুল কালাম বলেন, ‘আমাকে মাত্র আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই যে টাকা পেয়েছি, সেই মোতাবেক কাজ করেছি।’পাশুয়ার হাওরের মধ্যবর্তী অংশের প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য শামছুল হক বলেন, ‘আমি ১৫ দিন ধরে বাঁধের কাছে দিন-রাত পড়ে আছি। পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় কাজ পুরো শেষ করা যাচ্ছে না।’গুরমার হাওরের সাতটি প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আলী রেজা জানান, বাঁধের কাজ এখন শেষ পর্যায়ে। তবে প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বন্দের কারণে এ হাওরের একটি প্রকল্পের কাজ কিছুদিন পরে শুরু হয়েছে।এ উপজেলার চন্দ্র সোনার থাল, জয়ধনা ও ধানকুনিয়া হাওরের ১৬টি প্রকল্প বাঁধের তদারকিতে রয়েছেন পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। তিনি জানান, বাঁধে মাটি ফেলার সব কাজ শেষ হয়েছে। এখন শুধু মাটি আটকে রাখার জন্য বাঁধের দুধারে বাঁশের খুঁটি ও চাটাই ফেলা হচ্ছে। সোনামড়ল হাওরের সাতটি প্রকল্পের তদারকির দায়িত্বে রয়েছেন উপসহকারী প্রকৌশলী আবদুল জলিল। তিনি দাবি করেন, কাজ শেষ হয়ে গেছে। দু-একটি প্রকল্পের সামান্য কিছু কাজ এখন বাকি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘বাঁধের কাজ দ্রুত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি কথা বলব।’সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হাই প্রথম আলোকে জানান, ফসল রক্ষা বাঁধের কাজে কোনো রকম অনিয়ম করা হচ্ছে না। কাজের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।