দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকেরা ধর্মঘট শুরুর ২৩ দিনেও অধিকাংশই কাজে ফেরেননি। যোগদানের জন্য কর্তৃপক্ষের দেওয়া সময়ের শেষ দিন গতকাল বুধবার ধর্মঘটি ৩০৮ জন শ্রমিকের মধ্যে মাত্র ৫২ জন সম্মতিপত্র জমা দিয়েছেন।
খনির ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনে তাঁরা নতুন শ্রমিক নিয়োগ করে কাজ চালু করবেন। তবে শ্রমিকনেতা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, নতুন শ্রমিক নিলে খনিতে ঢুকতে দেওয়া হবে না।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন জানান, শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে তিনটি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে নতুন ব্যবস্থাপনায় শ্রমিকদের বেতন দুই হাজার ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে একজন শ্রমিক সর্বোচ্চ ১৫ হাজার ৩৮০ টাকা বেতন পান। এর পরও শ্রমিকেরা দাবিতে অনড় রয়েছেন। এ অবস্থায় নতুন ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া বেলারুশের জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) ১৮ ডিসেম্বরের মধ্যে কাজে যোগদানের জন্য শ্রমিকদের মতামত চেয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম বলেন, ‘আমরা নতুন কোনো শ্রমিককে খনিতে ঢুকতে দেব না। কর্তৃপক্ষ যত আলটিমেটাম দিক, পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’
শ্রমিক নিয়োগের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লুস্টারের লিয়াজোঁ অফিসার উজ্জ্বল কুমার গুপ্ত বলেন, দিনভর চেষ্টা করেও অধিকাংশ শ্রমিক কাজে যোগদানের সম্মতিপত্রে স্বাক্ষর করেননি।
জিটিসির ওয়েলফেয়ার অফিসার অবসরপ্রাপ্ত কর্নেল আ. মান্নান বলেন, শ্রমিকেরা কাজে যোগদান না করলে খনির উৎপাদনের স্বার্থে যেকোনো ব্যবস্থা নেওয়া হবে।