৩৩তম বিসিএসের ১৯ ও ২০ ডিসেম্বরের (বুধ ও বৃহস্পতিবার) নির্ধারিত সব লিখিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সরকারি কর্মকমিশন (পিএসসি) এ কথা জানিয়েছে।আগামীকাল বুধবার রাজশাহী ও সিলেটে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আর বৃহস্পতিবার সারা দেশে হরতাল ডেকেছে সমমনা কয়েকটি ইসলামী দল। রাজশাহী ও সিলেটে বিসিএস পরীক্ষার কেন্দ্র রয়েছে।৩৩তম বিসিএসের দায়িত্বে থাকা পিএসসির সদস্য কাজী নাসিরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বারবার পরীক্ষা পেছালে চাকরিপ্রার্থীদের অনেক সমস্যা হয়। তাই ঘোষিত সময়সূচিতেই আমরা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের গুজবে তা স্থগিত করা হয়। এরপর ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। কিন্তু বাম দলগুলো হরতাল ডাকায় এদিনের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ পিছিয়ে ২৪ ডিসেম্বর করার সিদ্ধান্ত হয়। তবে ১৯ ডিসেম্বরের নির্ধারিত পরীক্ষার সূচি বহাল রাখে পিএসসি।এদিকে এবারও পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের গুজব উঠেছে। তবে সেগুলোকে ভিত্তিহীন দাবি করেছে পিএসসি।