সময়সূচি মানতে পারছে না অধিকাংশ ট্রেন
১৮ দলের অবরোধ চলাকালে ট্রেনের সময়সূচিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাতে পারছে না। তাই দেরিতে ছেড়ে যেতে হচ্ছে ঢাকা থেকে বিভিন্ন স্থানগামী ট্রেনগুলোকে। কমলাপুর রেলস্টেশন সূত্রে এ তথ্য জানা যায়।
কমলাপুর রেলস্টেশনের অনুসন্ধানকেন্দ্র থেকে জানা যায়, সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ১৪টি ট্রেন বিভিন্ন গন্তব্যে উদ্দেশে ছেড়ে গেছে। ময়মনসিংহ ও সিলেটগামী দুটিসহ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
অনুসন্ধানকেন্দ্র সূত্রে জানা যায়, ঢাকা-দিনাজপুর রুটের একতা এক্সপ্রেস ট্রেনের অস্বাভাবিক বিলম্ব হয়েছে। এ ছাড়া ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পাঁচ ঘণ্টা দেরিতে, রংপুর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে এবং জয়ন্তিকা এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে কমলাপুর স্টেশন ছাড়ে। অন্য ট্রেনগুলো মোটামুটি সঠিক সময়ে স্টেশন ছেড়ে গেছে বলে জানা যায়।
অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে হেরফের হচ্ছে বলে মনে করেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মো. খায়রুল বশীর। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে অবরোধকারীরা রেললাইন উপড়ে ফেলছে। কোথাও ফিশপ্লেট খুলে ফেলছে। সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে গিয়ে ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে। আর তাই অনেক ট্রেনের ক্ষেত্রে সময়সূচি মানা সম্ভব হচ্ছে না।