সময়সূচি মেনে চলতে বিচারকদের প্রতি প্রধান বিচারপতির নির্দেশ
জেলা ও দায়রা জজসহ সারা দেশের বিচারকদের অফিসের আসা-যাওয়ার ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদেরও এ নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। গতকাল রোববার নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।এদিকে গতকাল বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে তাঁর কার্যালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সাক্ষাৎ করেছেন। পরে প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রুল, রিটসহ কয়েকটি শাখা পরিদর্শন করেন।সূত্র জানায়, অধস্তন আদালতের কার্যক্রম তদারক করতে গতকাল সকালে জেলা ও দায়রা জজদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এরই ধারাবাহিকতায় নিজ কার্যালয়ে এসে প্রধান বিচারপতি সকাল নয়টা থেকে সোয়া নয়টার দিকে অন্তত ১০টি জেলা আদালতে ফোন করেন। তবে কুমিল্লা ও দিনাজপুরের জেলা জজ ছাড়া অন্য বিচারকদের পাওয়া যায়নি। এতে প্রধান বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। এরপর নির্ধারিত সময় মেনে কার্যালয়ে আসতে এবং ত্যাগ করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দেন। গতকাল বিকেলেই বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়।যোগাযোগ করা হলে সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে কয়েকটি জেলা ও দায়রা জজের কার্যালয়ে ফোন করেন প্রধান বিচারপতি। কয়েকটি জেলার বিচারকদের অফিসে পেলেও অনেককে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। কার্যালয়ে আসা ও ত্যাগের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি মেনে চলতে তিনি নির্দেশ জারি করতে বলেন। রেজিস্ট্রার আরও জানান, নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতেও বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বর্তমান আদালতের নির্ধারিত সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে বিচারকাজ সাড়ে নয়টায় শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। তবে দুপুরে আধাঘণ্টা মধ্যাহ্নবিরতি আছে।এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ সমিতির নেতারা দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। শনিবার হলফনামা দায়েরের সুযোগ ও মাজার গেট খুলে দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান সমিতির নেতারা। সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রথম আলোকে জানান, এ ছাড়া জ্যেষ্ঠ বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করা, অন্তর্বর্তীকালীন আদেশ ও চূড়ান্ত রায় প্রকাশের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানানো হয়েছে।