সময়ে গেলেও মনোনয়নপত্র জমা না নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে গিয়েও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ করেছেন প্রার্থী হতে ইচ্ছুক ২৫-৩০ জন। গতকাল সোমবার আগারগাঁওয়েি নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তাঁরা এই অভিযোগ করেন।
অভিযোগকারী ব্যক্তিদের পক্ষে তিনজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গেও দেখা করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ মার্চ বিকেল পাঁচটা।
অভিযোগকারীরা (সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসন) গতকাল সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েন মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য পৃথক আবেদন জানান। অনেকে দলীয়ভাবেও আবেদন করেন। তাঁরা যুব মহিলা লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠনের।
তাঁদের একজন নুরুজ্জামান। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে চেয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মনোনয়নপত্র জমা নেবে, এমন সময় ভিড় বেড়ে যায়। আমারটা নিলে অন্যদেরটা নিতে হবে, তাই আমারটাও জমা নিল না।’
উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনে (৯, ১০, ১১) নারী কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহী নার্গিস বেগম বলেন, ‘আমি সাবেক ওয়ার্ড কাউন্সিলর। আমি ভেতরেই ছিলাম। আমার একটি কাগজে একটু সমস্যা হওয়ায় মেয়েকে তা ঠিক করতে পাঠাই। কিন্তু পাঁচটা বাজার আগেই আমাকে বের করে দেওয়া হয়। ফলে মেয়ে কাগজ নিয়ে ফিরলেও জমা দিতে পারিনি।’
মহানগর যুব মহিলা লীগের কার্যকরী কমিটির সদস্য মল্লিকা জামান অভিযোগ করেন, তিনিসহ অন্য প্রার্থীরা সময়মতো লাইনে দাঁড়ান। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারবে ইসি। কিন্তু পাঁচটা বেজে যাওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র আর জমা নেওয়া হবে না।
উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক বিএনপির নীরব হোসেন অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেছে বেছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র নেওয়া হয়েছে। অনেক কাকুতি-মিনতির পরও বিএনপি-সমর্থিত ব্যক্তিদের মনোনয়নপত্র নেওয়া হয়নি। প্রমাণ হিসেবে তিনি একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেন।
গতকাল দুপুর থেকে সাবেক সাংসদ ও যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার মনোনয়নপত্র জমা দিতে না পারা নারীদের পক্ষে ইসি কার্যালয়ে অবস্থান নেন। তিনি বলেন, ‘আমি দক্ষিণের ১৩ জন নারীর পক্ষে কথা বলতে এসেছি। তাঁদের পক্ষ থেকে আমিসহ তিনজন সিইসির সঙ্গে দেখা করি। সিইসি আশ্বাস দিয়ে বলেছেন, পুরো বিষয়টি বিচার-বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বিকেল পাঁচটার পর সিইসি কার্যালয় থেকে বের হলে তাঁরা আবার কথা বলার চেষ্টা করেন। তবে সিইসি কথা বলেননি।
মনোনয়নপত্র জমা দিতে না পেরে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদিকা (সাবেক ওয়ার্ড ৭৮, বর্তমান ৪২) হাসনা বেগমসহ দক্ষিণের প্রার্থী হতে আগ্রহী কয়েকজন নারী জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেন।