সময়ের আগেই উত্তরপত্র নেওয়ার অভিযোগ
সময় শেষ হওয়ার আগে উত্তরপত্র নেওয়ার অভিযোগ তুলে ও তার প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। পটুয়াখালীর বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করে, বাউফল ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল জীববিজ্ঞান, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা ছিল। কোনো কারণ ছাড়াই নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট আগে ওই কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকেরা পরীক্ষার্থীদের উত্তরপত্র নিয়ে গেছেন। এর প্রতিবাদে শতাধিক পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে এসে বিক্ষোভ করে ও কেন্দ্রের চারপাশের টিনের বেড়া ভাঙচুর করে। বেলা একটায় পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তারা বিক্ষোভ করতে থাকে। বেলা দেড়টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
ওই পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা মাওলানা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবদুল মালেক মিয়া বলেন, নির্দিষ্ট সময় পরীক্ষা শুরু ও শেষ হয়েছে। শিক্ষার্থীরা কেন বিক্ষোভ ও ভাঙচুর করছে, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ইউএনও এ বি এম সাদিকুর রহমান দাবি করেন, মিথ্যা অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।’