সময়ের আগেই বন্ধ হয়ে যায় কলেজটি
বগুড়ার আদমদীঘি উপজেলায় এমপিওভুক্ত রহিম উদ্দীন ডিগ্রি কলেজ নির্ধারিত সময়ের আগেই বন্ধ হওয়ার প্রমাণ পেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গত রোববার বেলা দুইটার দিকে তিনি আকসিঞ্চকভাবে এই কলেজে গিয়ে দেখেন কলেজটি বন্ধ। প্রধান ফটকে তালা।নিয়ম অনুযায়ী, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা থাকার কথা ছিল। এর মধ্যে বেলা তিনটা পর্যন্ত শিক্ষকদের থাকার কথা।আদমদীঘির ইউএনও রাসেল মনজুর জানান, দীর্ঘদিন ধরে কলেজটিতে এ অবস্থা চলে আসছে বলে তাঁর কাছে একাধিক অভিযোগ এসেছে। ওই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বেলা দুইটার আগে কলেজে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা। শ্রেণীকক্ষ, অধ্যক্ষের কক্ষসহ সব দপ্তর তালাবদ্ধ ছিল। কলেজ চত্বরে কোনো শিক্ষার্থী ছিল না। এমনকি জাতীয় পতাকাও ঝুলতে দেখা যায়নি। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।এ ব্যাপারে কলেজের উপাধক্ষ্য আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা সকাল নয়টা থেকে ক্লাস নেন বলে দুইটার দিকে কলেজে ছুটি দেওয়া হয়।’