সময়ের আগেই ভর্তি শুরুর বিজ্ঞপ্তি: ৫ কলেজকে সতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি শুরুর নির্ধারিত সময়ের আগেই ‘একাদশ শ্রেণিতে ভর্তি চলছে’ বলে বিজ্ঞাপন দেওয়ায় গতকাল বৃহস্পতিবার পাঁচটি কলেজকে সতর্ক করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। একই সঙ্গে কলেজগুলোকে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কলেজগুলো হলো ক্যামব্রিয়ান কলেজ, কিংস কলেজ, মেট্রোপলিটন কলেজ, উইনসাম কলেজ ও শ্যামলী আইডিয়াল কলেজ। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রচার করেছে। নীতিমালা অনুযায়ী ২৫ জুন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর শিক্ষা বোর্ডের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তির কাজ শুরু হবে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত কলেজগুলো ‘একাদশ শ্রেণিতে ভর্তি চলছে’ বলে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই এখন থেকে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়।
আবেদনের সময় বাড়ল: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ২১ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আগের সময় অনুযায়ী গতকাল বৃহস্পতিবার আবেদনের শেষ সময় ছিল।