সময়ের সঙ্গে সঙ্গে অভিধানও বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমিতায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে অভিধান। অভিধানকে বলা হয় শব্দ রাজ্য। একটি ভাষার যত শব্দ আছে সব থাকবে অভিধানে। যেহেতু ভাষা একটি সচল বিষয় তাই সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে হবে অভিধানও। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের প্রকাশনা উৎসবে অতিথিরা বারবার বলেছেন এ কথাগুলো।

অমর একুশে বইমেলা ২০১৬ এর প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোড়ক উন্মোচন করেন জামিল চৌধুরী সম্পাদিত আধুনিক বাংলা অভিধানের। তবে অভিধানটির প্রকাশনা অনুষ্ঠান হয় মঙ্গলবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে।

প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত ভাষণে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, সাধারণ অভিধানে শব্দের অর্থ এবং প্রতিশব্দ থাকে। তবে প্রথমবারের মতো এই অভিধানটিতে প্রতিটি শব্দের ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। এটিই এই অভিধানকে অন্যান্য অভিধান থেকে আলাদা করেছে।
অভিধানের সম্পাদক জামিল চৌধুরী বলেন, বলছি না যে এটি আদর্শ অভিধান। তবে অভিধানটিকে আদর্শ করার চেষ্টা করা হয়েছে। তারপরও যদি কোনো ভুল থাকে সেই ভুলের দায়িত্ব তিনি নিজেই নেবেন।
বাংলা একাডেমির ফেলো অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আহমদ কবির, বাংলা একাডেমির ফেলো অধ্যাপক আবদুস সেলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম।
আলোচকেরা সংবিধানটির প্রশংসা করে বলেন, অভিধানটি সংজ্ঞা নির্ভর অভিধান। বাংলাদেশে অভিধানের ক্ষেত্রে এটি একটি নতুন ব্যাপার। তবে আরও ভালো হতো সংজ্ঞা সঙ্গে ছবিও যোগ করা যেত। কারণ ছবি মানুষের মনে সহজেই জায়গা করে নেয়। আলোচকেরা বাংলা একাডেমিকে পরামর্শ দিয়ে বলেন, অক্সফোর্ড ডিকশনারির মতো বাংলা একাডেমির অভিধানও খণ্ড খণ্ড বের হতে পারে।
অভিধান সংরক্ষণ, সংযোজন, পরিমার্জন এবং বিক্রির জন্য বাংলা একাডেমিকে ‘অভিধান সেল’ তৈরির পরামর্শ দেন আলোচকেরা। এ ছাড়া বাংলা একাডেমির অন্য দুই অভিধান ব্যবহারিক বাংলা অভিধান ও সংক্ষিপ্ত বাংলা অভিধান আরও পরিমার্জিত করে বাজারে আনার পরামর্শও দেন তাঁরা।