বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে ১৮-দলীয় জোটের আন্দোলন জোরদার করা হবে। তিনি এই আন্দোলনে পেশাজীবীদের যোগ দেওয়ার আহ্বান জানান।
পেশাজীবীদের পক্ষ থেকে আলোচনা এবং সমঝোতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিএনপির দাবির বিষয়ে জনসচেতনতা বাড়াতে পেশাজীবীরা সাধ্যমতো কর্মসূচি পালন করবেন বলে আশ্বাস দেওয়া হয়।
গতকাল বুধবার রাতে বিএনপি-জামায়াত সমর্থক পেশাজীবীদের সংগঠনগুলোর মোর্চা সম্মিলিত পেশাজীবী পরিষদের সঙ্গে মতবিনিময় করেন খালেদা জিয়া। রাত পৌনে নয়টা থেকে প্রায় ১১টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ মতবিনিময় হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী এবং মহাসচিব চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ১১টি পেশার ৪৯ জন প্রতিনিধি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এ বিষয়ে বিএনপি বা পেশাজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
মতবিনিময়ে উপস্থিত দুটি সূত্র প্রথম আলোকে জানায়, খালেদা জিয়া পেশাজীবীদের উদ্দেশে বলেছেন, তিনি হতাশ নন। এই সরকার মাত্র পাঁচ শতাংশ মানুষের ভোট পেয়েছে। বাকি ৯৫ শতাংশ মানুষ বিএনপির দাবির সঙ্গেই আছে।