সময়োপযোগী পাঠ্যক্রম চালুর উপদেশ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল রোববার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) একটি প্রতিনিধিদল। এ সময় বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী পাঠ্যক্রম চালুর উপদেশ দেন তিনি। খবর বাসসের।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বিষয়ে ব্রিফ করেন। তিনি জানান, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদলটিতে নেতৃত্ব দেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। তিনি বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি তিনি আশুলিয়ায় এই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের তথ্য জানান। এ ছাড়া আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ নতুন নতুন বিভাগ চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও বৈঠকে রাষ্ট্রপতিকে জানানো হয়। অন্যদিকে রাষ্ট্রপতি বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য শিক্ষার মানোন্নয়নে সময়োপযোগী পাঠ্যক্রম চালু করতে প্রতিনিধিদলটির সদস্যদের উপদেশ দেন।