সময়োপযোগী ও লাগসই কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি উত্পাদন বাড়ানোর লক্ষ্যে সময়োপযোগী ও লাগসই কৃষিপ্রযুক্তি উদ্ভাবন করে তা কৃষকদের মধ্যে পৌঁছে দিতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ভিত্তিফলক উন্মোচন এবং ইনস্টিটিউশনের বার্ষিক সাধারণ সভা উদ্বোধনকালে এই আহ্বান জানান। খবর বাসসের।সভায় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেইন অনুষ্ঠানে বক্তৃতা করেন।কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি নিশিত চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইনস্টিটিউশনের মহাসচিব এ এফ এম বাহাউদ্দিন নাছিম।শেখ হাসিনা মুনাফা, স্থিতি ও পরিবেশের উপযোগিতার মাধ্যমে কৃষি উত্পাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ভূগর্ভস্থ পানি ও রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহারের কারণে পানি ও মাটি দূষিত এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদের অপচয় হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধানে লাগসই কৃষি প্রযুক্তি উদ্ভাবনে কৃষিবিদদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী আবহাওয়া ও পরিবেশ উপযোগী এবং কৃষি গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার চাহিদা অনুযায়ী শস্যের উন্নত জাত উদ্ভাবনের ওপরও জোর দেন।