সরওয়ার কামালের রিট খারিজ, গুনতে হবে ২০ হাজার টাকা
সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালের রিট আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তথ্য গোপন করে রিট করায় জরিমানা হিসেবে তাঁকে ২০ হাজার টাকা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, এই রিট আবেদনটির আগে সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে সরওয়ার কামাল দুটি রিট করেন। এই দুটি রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়। এ তথ্য গোপন করে এই রিটটি করায় হাইকোর্ট সরওয়ার কামালকে জরিমানা হিসেবে ২০ হাজার টাকা দিতে নির্দেশ দিয়েছেন।
আইনজীবী সূত্র বলেছে, ফৌজদারি আইনে মামলা অভিযোগপত্র গ্রহণ হওয়ায় ২০১৫ সালের ২৪ নভেম্বর এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সরওয়ার কামাল হাইকোর্টে রিট করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুল খারিজ করে ওই রায় দেন। ওই বরখাস্তের আদেশে এখন মাহবুবুর রহমান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন।