সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালের রিট আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তথ্য গোপন করে রিট করায় জরিমানা হিসেবে তাঁকে ২০ হাজার টাকা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, এই রিট আবেদনটির আগে সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে সরওয়ার কামাল দুটি রিট করেন। এই দুটি রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়। এই তথ্য গোপন করে এই রিটটি করায় হাইকোর্ট সরওয়ার কামালকে জরিমানা হিসেবে ২০ হাজার টাকা দিতে নির্দেশ দিয়েছেন।