স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীর দেওয়া আগস্ট মাসের হিসাব অনুযায়ী, মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা ৭৩ জন। একই এলাকার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীর তালিকায় দেখা যায়, এ সংখ্যা ৭৫। একটি বেসরকারি সংস্থা জরিপ করে দেখেছে, এই ওয়ার্ডে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা ২২১।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা প্রতি মাসে পৃথকভাবে তাঁদের এলাকার অন্তঃসত্ত্বা নারীদের তালিকা করেন। কিন্তু এসব তালিকায় নিয়মিত গরমিল পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট এলাকা বাছাই করে পিএইচডি (পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট) নামের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে অন্তঃসত্ত্বা নারীদের জরিপ করায়। ১৭ ও ১৮ সেপ্টেম্বর জায়ফরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আটটি গ্রামে জরিপটি চালানো হয়। পিএইচডির উপজেলা সমন্বয়ক সুবেল আহমেদ প্রথম আলোকে জানান, সংস্থার ১৪ জন কর্মী দুই দিনে উল্লিখিত এলাকার বাড়ি বাড়ি ঘুরে ২২১ জন অন্তঃসত্ত্বা নারীকে তালিকাভুক্ত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী সিরাজ মিয়া দাবি করেন, কোনো নারী চার মাসের গর্ভবতী (অন্তঃসত্ত্বা) হলে তাঁরা তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। তাঁর ভাষ্যমতে, পিএইচডির কর্মীরা এর আগের সময় ধরে তালিকা করেছেন। তাই হিসাবে হেরফের হয়েছে। এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিবার পরিকল্পনা সহকারী আঙ্গুরুন্নেছার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন এলাকার স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের দেওয়া অন্তঃসত্ত্বা নারীদের তালিকা নিয়ে প্রায়ই বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই কারণে পিএইচডিকে দিয়ে জরিপ করানো হয়। জরিপের ফলাফল নিয়ে আগামী কিছুদিনের মধ্যে আমরা সভা করব। মাঠকর্মীদের তালিকায় অন্তঃসত্ত্বা নারীরা বাদ পড়ল কেন, তা খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে কারও গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।’