সরকার অবৈধ হলে বিএনপি নির্বাচনে কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলছে বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ। যদি সরকার অবৈধ হয় তাহলে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে কেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় গতকাল রোববার চার লেনবিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
ফ্লাইওভারের নির্মাণকাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মার্চের শেষ সপ্তাহে দরপত্র আহ্বান করা হবে। জুন নাগাদ নির্মাণকাজ শুরু করে আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষ হবে। ইতিমধ্যে ফ্লাইওভার ও র‌্যাম্পের বিস্তারিত নকশা সওজ চূড়ান্ত করেছে।
যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়কের ওপর অবৈধ স্থাপনা ও ফুটপাতের কারণে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় যানজট লেগে থাকে। এসব স্থাপনা ও ফুটপাতে বসানো দোকানপাট উচ্ছেদ করতে হবে। তাহলে যানজট অনেকটা কমে আসবে।
মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁর মুগড়াপাড়ায় সড়কের জায়গায় অবৈধভাবে অবস্থিত দোকানপাট সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, সওজের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) আবু জাফর রাশেদ প্রমুখ।
ভুলতা ফ্লাইওভার প্রকল্পের ব্যাপারে নারায়ণগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান জানান, ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪০ কোটি টাকা। নতুন প্রকল্প হিসেবে বর্তমানে কোনো বরাদ্দ নেই। তবে বর্তমান অর্থবছরে প্রকল্পের বিপরীতে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।