সরকার অসাম্প্রদায়িক সমাজ গড়তে চায়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার একটি অসাম্প্রদায়িক সমাজ গঠন করতে চায়, যেখানে সব ধর্মের বিশ্বাসীদের ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে। বড়দিন উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ খ্রিষ্টান সমিতির (বিসিএ) নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ইতিমধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকাংশ দাবি পূরণ করেছে। তাঁর সরকারের উদ্যোগে খ্রিষ্টধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই ফান্ডে নিজস্ব উদ্যোগে তহবিল সংগ্রহের জন্য খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান।বিসিএর সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু আর্চ বিশপ প্যাট্রিক ডি. রোজারিও এবং বিসিএর মহাসচিব নির্মল রোজারিও। স্বাচিপ নেতাদের সাক্ষাৎ: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।