সরকার আইনি পদক্ষেপে কামিয়াব হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের মাধ্যমে সরকার ‘কামিয়াব’ হবে বলে বিশ্বাস করেন আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সম্পূরক প্রশ্নে ফখরুল ইমাম বলেন, হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, অকার্যকর সংসদ। হাইকোর্টের রায়ের দিন আইনমন্ত্রী বলেছিলেন, ‘কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতব।’ সর্বশেষ অবস্থান কী, তা জানতে চান ফখরুল ইমাম।

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মামলার এক পক্ষ হিসেবে আমরা নিশ্চয় জিতব। রায় দেওয়ার মালিক হচ্ছেন আপিল বিভাগ। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি বলেন, ‘আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হব, আমার বিশ্বাস।’