আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমানের মামলায় সরকার আদালতকে কোনো অবস্থাতেই প্রভাবিত করছে না। চাঁদাবাজির মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তবে এ মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে। পরোয়ানা জারির এক দিন পর তারেক রহমানের আইনজীবীরা স্থগিতাদেশের কাগজ আদালতে দাখিল করলে, আদালত পরোয়ানা প্রত্যাহার করেন।গতকাল বুধবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিম্ন আদালত যথার্থভাবে আদেশ দিয়েছিলেন। নিম্ন আদালতের আদেশের সময় নথিতে উচ্চ আদালতের স্থগিতাদেশের কোনো কাগজপত্র ছিল না। তাঁর আইনজীবীরাও সেখানে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইনজীবীদের টনক নড়ে। ফলে পরবর্তী সময়ে দরখাস্ত দিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশের বিষয়টি নিম্ন আদালতকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত নিজস্ব নিয়মেই পরোয়ানার নির্দেশ প্রত্যাহার করেন।ব্রিফিংয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, জনমত যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্তকারী সংস্থা গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুরু হবে যুদ্ধারাধীদের বিচার। বিজ্ঞপ্তি।