সরকার আদিবাসী জাতিসত্তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আদিবাসী জাতিসত্তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন ছাড়া আদিবাসী জুমঞ্চ জাতীয় অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ২০১৩ উৎসব উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু উদ্যাপন কমিটি, পার্বত্য চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। আগামী শুক্রবার শুরু হবে তিন দিনব্যাপী পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু। সন্তু লারমা গত ১৭ ফেব্রুয়ারি কাট্টলী এলাকা থেকে অপহূত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ৫২ জন অপহূত ব্যক্তির উদ্ধারের ব্যাপারে সরকারের সব মহলে অনুরোধ জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘পার্বত্য চুক্তি বিষয়ে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে এখনো ব্যাপক তফাত রয়েছে। চুক্তির মৌলিক বিষয় বাস্তবায়িত হচ্ছে না।’ অপর বিশেষ অতিথি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক মানিক লাল দেওয়ান বলেন, ‘ঐক্যবদ্ধ না হলে আমাদের দাবি কোনো দিনই আদায় হবে না। তাই ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।’ বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী জাতিসত্তার প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে শহরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।