
এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্র জাতিসত্তার নেতা ও সমাজ গবেষকেরা বলেছেন, সরকার ক্ষুদ্র জাতিসত্তাগুলোর প্রতি আন্তরিক নয়। পাহাড়ি ও বাঙালিদের প্রতি আলাদা আচরণের এই রাজনৈতিক কৌশল সব সরকারের আমলেই ছিল। এখনো আছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে গতকাল সকালে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। রাঙামাটির লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক মেজবাহ কামাল বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে সব নাগরিক একই ভাষায় কথা বলে বা সবাই একই জাতিসত্তার মানুষ। কিন্তু বাংলাদেশের সংবিধান এই বহুত্বকে, বৈচিত্র্যকে স্বীকার করে না। আদিবাসীদের অস্বীকার এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে বাংলাদেশ রাষ্ট্র পাকিস্তানি শাসনব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, মুখে মুখে স্বাধীনতার কথা বলা হয়। কিন্তু আদিবাসীদের জীবনে সেই স্বাধীনতার সুফল আসেনি। রাষ্ট্র যাদের আপন মনে করে, তাদের বাস ভর্তি করে পাহাড়ে বসবাস করতে পাঠায়। আর যাদের পর মনে করে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়।
নাসিরনগর, গাইবান্ধা, লংগদু, সাজেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি নিপীড়নকে ‘রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, রাষ্ট্র ও সরকার দিন দিন পাহাড়ি মানুষদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। বরং রাষ্ট্র এর দানবিক শক্তি নিয়ে পাহাড়িদের ওপর চেপে বসছে।
অনুষ্ঠানে লিখিত বিবৃতি পড়েন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। সঞ্চালনায় ছিলেন আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা।