পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সম্প্রদায়ভিত্তিক আটটি আদিবাসী ছাত্র সংগঠন বলেছে, সাংবিধানিক স্বীকৃতির দাবিকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করে আদিবাসীদের হেয় ও দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ কথা বলে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, তঞ্চঙ্গ্যা ছাত্রকল্যাণ সংস্থা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট কাউন্সিল, বাংলাদেশ খ্যাং স্টুডেন্ট কাউন্সিল, চাক স্টুডেন্ট কাউন্সিল, বাংলাদেশ বম স্টুডেন্ট কাউন্সিল ও খুমি স্টুডেন্ট কাউন্সিল।সংগঠনগুলোর পক্ষ থেকে দীপু মনির বক্তব্য প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব অঞ্চলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সংবিধানে আদিবাসীদের ‘বাঙালি’ হিসেবে জাতিগত পরিচয়ের বিষয়টি প্রত্যাহার ও পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবি জানানো জানানো হয়।এ ছাড়া সাংবিধানিক স্বীকৃতির দাবি ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কাল রোববার তিন পার্বত্য জেলা এবং ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্র সংগঠনগুলো।ছাত্র সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে আদিবাসীরাও তাদের নিজস্ব আকাঙ্ক্ষিত নাম অনুযায়ী সংবিধানে স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে। এটি সর্বজনীন মানবাধিকারের অংশ। বিবৃতিতে অভিযোগ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ সরকারের নীতিনির্ধারকদের বক্তব্যে প্রমাণিত হয়, তিন পার্বত্য জেলায় বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর ব্যাপারে আওয়ামী লীগ তাদের নির্বাচনী অঙ্গীকার এবং জাতীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে আন্তরিক নয়।