সরকার আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথি দীপঙ্কর তালুকদার বলেন, ‘পঞ্চদশ সংশোধনী নিয়ে পাহাড়ে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করা হচ্ছে। এই সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা (আদিবাসীরা) যেভাবে চেয়েছি, কিছু সমস্যার কারণে হয়তো সেভাবে করা হয়নি। তবে এই সংশোধনীর [সংবিধানের ২৩(ক) ধারায়] মাধ্যমে আদিবাসীদের অধিকার আদায়ের একটি ধাপ অর্জিত হয়েছে। অধিকার সহজে অর্জিত হয় না। তা অর্জন করতে হয় ধাপে ধাপে।’প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য এলাকার অনেক গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। ভবিষ্যতে আরও করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য ১৬২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ২০০৯ সালে এই বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া ছাত্রী লাকী চাকমাকে স্বর্ণপদক ও ২২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রমুখ। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের কল্যাণ তহবিলে তিন লাখ টাকা অনুদান দেন প্রতিমন্ত্রী।