সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে এমন বিশ্বাস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা হতাশা ব্যক্ত করে বলেছেন, বর্তমান সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে—এমন বিশ্বাস তাঁর নেই। তিনি মনে করেন, শাসকগোষ্ঠী গণতান্ত্রিক চিন্তাধারার অধিকারী হতে পারেনি, সাম্প্রদায়িকই রয়ে গেছে। গতকাল সোমবার ‘আদিবাসীর মানবাধিকার ও আইএলও কনভেনশন ১৬৯: আত্মপরিচয়ের অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় সন্তু লারমা এ কথা বলেন। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করে।সন্তু লারমা বলেন, ১৩ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উদ্যোগেই পার্বত্য চুক্তি হয়েছিল। তবে চুক্তি বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। বর্তমান আওয়ামী লীগ সরকারও কোনো পদক্ষেপ নেয়নি। সংসদীয় ককাসের আহ্বায়ক রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের এশীয় অঞ্চলের প্রতিনিধি রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। ১৯৪৫, ’৬২, ’৭২ সালে এ সুযোগ হাতছাড়া হয়েছিল। এবার সুযোগ নষ্ট করা যাবে না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, সাংবিধানিক স্বীকৃতি আদিবাসীদের অধিকার। এ অধিকার থেকে কাউকে বাদ রেখে, কাউকে ছোট করে গণতন্ত্রকে শক্তিশালী করা যাবে না। তিনি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এক ধরনের সন্দেহের দেয়াল তৈরি হয়েছে। আলোচনায় অংশ নেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্য হাসানুল হক ইনু, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, সাংসদ শাহ জিকরুল আহমেদ, ননী গোপাল মণ্ডল, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল।