দুর্নীতির বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থ পাচার বড় একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক সময় আইনিকাঠামোর কারণে অর্থ পাচারকারীরা অনেক দেশে নিরাপদে বিনিয়োগের সুযোগ পান। তবে সরকার আন্তরিক হলে পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার টিআইবির কার্যালয়ে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (আনকাক) ওপর আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) ও টিআইবি যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
ইফতেখারুজ্জামান বলেন, দেশে সংঘটিত বড় দুর্নীতিগুলোর সঙ্গে উন্নত দেশগুলোর বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে দুর্নীতি শুধু বাংলাদেশ বা উন্নয়নশীল দেশগুলোর সমস্যা নয়। এ সমস্যা উন্নত বিশ্বেরও। প্রতিবছর দেশ থেকে বিপুল অর্থ পাচার হচ্ছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, পণ্যের দাম বেশি বা কম দেখিয়ে মোট পাচারের ৬০ শতাংশই আমদানি-রপ্তানির নামে পাচার হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব দেশের আইনকানুন এমনভাবে তৈরি যে, বিনিয়োগ করা অর্থ কোথা থেকে আসছে, সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয় না। ফলে অর্থ পাচারকারীরা সেখানে নিরাপদ বিনিয়োগে উৎসাহিত হয়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ছে। এভাবে দেশে-বিদেশে অর্থ পাচার, দেশের মধ্যে ছোট ও বড় ধরনের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনা প্রতিরোধ করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই।
পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত এনে দুদক ইতিমধ্যে নজির স্থাপন করেছে। অন্য ঘটনাগুলোতে অর্থ ফেরত আনার উদ্যোগ না নিলে সাধারণ মানুষ মনে করবে, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্যই এটা করা হয়েছে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২১ কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত এনেছে দুদক।