অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার করা। তাই যুদ্ধাপরাধীদের কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ১৪ দলের এক জনসভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা সাংসদ আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রমুখ।আমির হোসেন আমু বলেন, সরকার আপিল করে জনতার রায় ফিরিয়ে আনার চেষ্টা চালাবে।জামায়াতের গৃহযুদ্ধের হুমকি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘গৃহযুদ্ধ যে করবেন, তা আপনাদের গৃহ কোনটা? জামায়াতের গৃহ পাকিস্তান। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতাকামী মানুষের গৃহ।’শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্ম জেগে উঠেছে। এই জাগরণ প্রমাণ করেছে, দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে নতুন প্রজন্ম কত দৃঢ় ও প্রতিজ্ঞাবদ্ধ।