
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণার পর থেকে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের দিয়ে তাঁর বাসভবন ঘিরে রেখেছে। তাঁকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘কোনো ঘোষণা ছাড়াই সরকার কার্যত আমাকে গৃহবন্দী করে রেখেছে।’
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ অভিযোগ করেন।
এদিকে খালেদা জিয়া গৃহবন্দী নাকি অবরুদ্ধ, তা জানতে চেয়ে গতকাল বিকেলে বিএনপির সাংসদদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছে। তারা খালেদা জিয়ার অবস্থা সুস্পষ্ট করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে। রাষ্ট্রপতি বলেছেন, তিনি বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন।
কাল রোববার অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল দেওয়া এ বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি দেশবাসীকে নির্বাচনের নামে ৫ জানুয়ারির এই কলঙ্কময় প্রহসন পুরোপুরি বর্জনের আহ্বান জানাচ্ছি। এই প্রহসনকে দেশে-বিদেশে কোথাও কেউ নির্বাচন হিসেবে বৈধতা দেবে না। এর মাধ্যমে বৈধতার খোলস ছেড়ে অবৈধ মূর্তিতে আবির্ভূত হবে আওয়ামী লীগ সরকার।’
খালেদা জিয়া বলেন, ‘গৃহবন্দিত্ব কিংবা জেল-জুলুমকে আমি ভয় করি না। সরকার বিরোধী দলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ৫ জানুয়ারির পর সমূলে উৎখাতের হুমকি দিচ্ছে। অথচ তাদের নেতা-কর্মীরা যানবাহনে অস্ত্র হাতে রাজপথে মহড়া দিচ্ছে ও হামলা চালাচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না।’ তিনি বলেন, ক্ষমতাসীনদের কাছে গণতন্ত্র ও ভোটের অধিকারের চেয়ে বেশি জরুরি তাদের কর্মসূচির বাস্তবায়ন করা। এই স্বৈরাচারকে রুখতে হবে। এ জন্য প্রতিটি জনপদ, গ্রাম ও মহল্লাকে গণতান্ত্রিক আন্দোলনের দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলে আন্দোলন চালিয়ে যেতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, এই নির্বাচনে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল শরিক হয়নি। দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মধ্যে এ নিয়ে সামান্যতম উৎসাহ নেই। বরং ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তাঁদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। সংবাদমাধ্যমে খবর এসেছে, অল্প কিছু দলীয় লোক সারা দিন ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থেকে জাল ভোট দিয়ে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়িয়ে দেখানোর জন্য আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে।

বিএনপির চেয়ারপারসন বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে রাজধানী অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ‘নাৎসি কায়দায়’ সে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে জনগণকে বাধা দেয় সরকার। তিনি দাবি করেন, নিশ্ছিদ্র বাধার মধ্যেও সারা দেশ থেকে লাখ লাখ মানুষ কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। কিন্তু তাঁদের রাজপথে নামতে দেওয়া হয়নি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: গতকাল বিকেলে বিরোধীদলীয় সাংসদদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে। তারা খালেদা জিয়া কি গৃহবন্দী নাকি অবরুদ্ধ অবস্থায় আছেন, তা সুস্পষ্ট করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছে। একই সঙ্গে বিরোধীদলীয় নেতাকে দলীয় কার্যালয়ে যাতায়াত ও তাঁর সঙ্গে নেতাদের সাক্ষাৎ করার মতো পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করে।
বিরোধীদলীয় সাংসদেরা জানান, তাঁদের রাষ্ট্রপতি বলেছেন, বিষয়টি নিয়ে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন।
প্রতিনিধিদলটি খালেদা জিয়ার বর্তমান অবস্থান সম্পর্কে জানিয়ে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপিও দেয়।
আট সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবিদন ফারুক, এ বি এম আশরাফউদ্দিন নিজান, হারুনুর রশিদ, নাজিমউদ্দিন আহমেদ, সৈয়দা আসিফা আশরাফি, রেহানা আক্তার ও রাশেদা বেগম।
এর আগে গত বৃহস্পতিবার বিরোধীদলীয় সাংসদেরা জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে একই বিষয় নিয়ে কথা বলেন।
খালেদার বাড়ি এখনো অবরুদ্ধ: নিরাপত্তার নামে খালেদা জিয়ার গুলশানের বাসভবন এখনো অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। বাসভবন থেকে বেরোনোর প্রধান ফটকের পূর্ব পাশে বালুভর্তি দুটি ট্রাক এখনো দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর আগে পশ্চিম পাশেও দুটি বালুভর্তি ট্রাক রাখা ছিল। এ দুটি সরিয়ে সেখানে এখন পুলিশের জলকামান দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাসার সামনে ৩০-৪০ জন পুরুষ ও নারী পুলিশ মোতায়েন রয়েছেন। খালেদা জিয়ার বাসভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাসার সামনের সড়ক দিয়েও মানুষের যাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছে।