সরকার আমাদের পরামর্শ গ্রহণ করে না: রওশন
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘বকারাম বকে যায়, শোনারাম শুনে যায়। আমরা শুধু বকেই যাচ্ছি। আমাদের কথা বা পরামর্শ সরকার গ্রহণ করে না। কিন্তু আমাদের কথা শুনতে হবে, বাস্তবায়ন করতে হবে। কারণ, আমরা দেশের কথা বলি।’
দশম সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে গতকাল রোববার রওশন এরশাদ এসব কথা বলেন।
রওশন বলেন, দেশকে মধ্যম আয়ে উন্নীত করতে হলে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে একটি সেল গঠন করা যায়। কারও আবেদনের পর যদি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানো যায়, সে ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়বে। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়াতে দূতাবাসে জনবল বাড়াতে হবে এবং অবৈধভাবে বিদেশযাত্রা বন্ধ করতে হবে। সিঙ্গাপুরে অবস্থানরত শ্রমিকদের মেশিন রিডেবল পাসপোর্ট নেই বলে ফিরে আসতে হচ্ছে। শ্রমিকেরা যাতে বিদেশে থেকে সহজে মেশিন রিডেবল পাসপোর্ট পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে রওশন বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচনে বিজয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এসেছে। এ বিজয় গণতন্ত্রের ইতিহাস রচনা করেছে।
রওশন এরশাদ বলেন, প্রতিবছর ঢাকায় ৪০ থেকে ৫০ লাখ লোক আসছে কর্মসংস্থানের জন্য। এতে ঢাকার ওপর চাপ বাড়ছে। ঢাকাকে বাঁচাতে হবে। এ জন্য প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে।
বিদ্যুতে দায়মুক্তি আইনের বিল সংসদে: বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বড়াতে আইনের মেয়াদ আরও চার বছর বাড়িয়ে গতকাল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৪ সংসদে উত্থাপিত হয়েছে।
বিদ্যুৎ খাতে সরকারকে দায়মুক্তি দেওয়া বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৪ সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে বিলটি পরীক্ষা করে ৩০ ডিসেম্বরের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিদ্যমান আইনটি ২০১০ সালে প্রণীত হয়েছিল।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানির চলমান ঘাটতি পূরণের লক্ষ্যে আরও কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। সে জন্য আইনটির মেয়াদ বাড়ানো আবশ্যক।