সরকার আর এক বছরও ক্ষমতায় থাকতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিসহ বিরোধী দলগুলোকে কৌশলে নির্বাচন থেকে দূরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ। বিনা ভোটে নির্বাচিত এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার হুঙ্কার দিচ্ছে। কিন্তু তাদের পক্ষে আগামী এক বছরও ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করবে।
গতকাল বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও মুন্সীরহাটে অনুষ্ঠিত দলীয় সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বর্তমান সংসদকে ‘সংদের’ সংসদ হিসেবে অভিহিত করে বলেন, এই সংসদের কোনো ৈবধতা নেই৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সরকার বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। শুধু ফেনী, লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জ নয়, সারা দেশ আজ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। গুম, খুন এখন নিত্যদিনের ঘটনা। বর্তমান সরকার শুধু ৫ জানুয়ািরর কথিত নির্বাচনের আগেই বিএনপিসহ বিরোধী দলের ৩১০ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় সরকার।
ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটা ছিল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফসল। তিনি এই হত্যা মামলায় বিএনপির নেতা মিনার চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা ও তাঁর মুক্তির দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহজাহান, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, জয়নাল আবদীন, রেহানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে বিএনপির নেতারা খালেদা জিয়ার পক্ষে তাঁর নির্বাচনী এলাকার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।