সরকার আরও কঠোর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তােহর উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তােহর উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন l ছবি: পিআইডি

স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি জাতির ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনেও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রংপুরের মিঠাপুকুরে গত মঙ্গলবার রাতে বাসে পেট্রলবোমা হামলায় শিশুসহ চারজনের মৃত্যু প্রসঙ্গে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে মিঠাপুকুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি ও জামায়াত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করছে এবং স্কুলশিক্ষার্থী, শিক্ষকেরাও তাদের হামলার শিকার হচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিএনপির প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। অন্যথায় জনগণের যানমালের নিরাপত্তায় সরকার আরও কঠোর হবে বলেও জানান তিনি।
সন্ত্রাসী ও জঙ্গিদের কবল থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষাবছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছি। আর বিএনপি-জামায়াত লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনেও হরতাল ডেকেছে। বিশ্ব ইজতেমার সময়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রয়াস চালাচ্ছে। তবে একটি শিক্ষিত সমাজ ছাড়া সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সরকার ছেলেমেয়ে উভয়কে শিক্ষিত করার ওপর সমান গুরুত্ব দিয়েছে। কারণ নারীদের শিক্ষাবঞ্চিত করে কোনো জাতি উন্নতি করতে পারে না। প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, জাতিসংঘের ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার ঘোষণা থাকলেও বাংলাদেশে ২০১১ সালের মধ্যে শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। প্রাথমিক শিক্ষার প্রতি সরকারের গুরুত্ব প্রদান এবং কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের আন্তরিক সেবার জন্য সেটা সম্ভব হয়েছে।
সব বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালুর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এ জন্য জনপ্রতিনিধি, স্কুল কমিটি, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, সরকার বিনা মূল্যে পাঠ্যপুস্তক, বৃত্তি ও উপবৃত্তি দেওয়ার মাধ্যমে শিক্ষার ব্যয়ভার নিজ কাঁধে নিয়েছে। উপবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা ৭৮ লাখ ৭০ হাজার ১২৯ জনে উন্নীত করা হয়েছে। এর সঙ্গে ৯৬টি দারিদ্র্যপীড়িত উপজেলার ২৯ লাখ শিক্ষার্থীর মধ্যে পুষ্টিমানসম্পন্ন বিস্কুট বিতরণ করা হচ্ছে। শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা যেন ধর্মের চেতনা অনুধাবন করতে পারে এবং ভবিষ্যতে কেউ তাদের ধর্মের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে সম্পৃক্ত করতে না পারে, সে জন্যই ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে জাতীয়করণের পরিকল্পনার অংশ হিসেবে আরও ৯৫১টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হবে বলেও জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহম্মদ আলমগীর। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক ও অন্যান্য বিষয়ে আন্তস্কুল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া তিনি ২০১৪ সালে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় সেরা বিদ্যালয়, সরকারি কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি, ইনস্ট্রাক্টর, শিক্ষক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।