কারিগরি ও ভকেশনাল প্রশিক্ষণের জন্য বাংলাদেশকে দুই কোটি ইউরো দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ এ বিষয়ে সরকারের সঙ্গে আইএলও এবং ইইউয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, আইএলওর মহাপরিচালক গাই রাইডার এবং ইইউয়ের রাষ্ট্রদূত পিয়ের মায়াদু চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দক্ষ কর্মী শুধু দেশের জন্য নয়, বিদেশেও বেশি বেতনের চাকরির নিশ্চয়তা দেয়। দক্ষ কর্মী তৈরি করতে এ ধরনের প্রকল্প অনেক সহায়ক হবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশের কথা বলছে, তা বাস্তবায়ন করতে হলে দীর্ঘমেয়াদি দক্ষ কর্মী তৈরি করতে হবে। এ ক্ষেত্রে এই প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে।