সরকার ইসলামি আদর্শকে নির্বাসনে পাঠাবে: জামায়াত
বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারলে দেশ থেকে ইসলামি আদর্শ, গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা নির্বাসনে পাঠাবে বলে মনে করে জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ মন্তব্য করেন। দলের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। তাতে দাবি করা হয়, বর্তমান সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামি আন্দোলন এবং ইসলামের ধারক-বাহক আলেম-ওলামা ও মসজিদ-মাদ্রাসা ধ্বংস করার ষড়যন্ত্র বাস্তবায়নের চূড়ান্ত অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন, সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ১৮-দলীয় জোটের সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন: পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।