সরকার ইসিকে সব ধরনের সহযোগিতা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা দেশে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা অনুযায়ী এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগসহ সরকার সব ধরনের সহযোগিতা করেছে। গতকাল বুধবার সংসদে জাসদের নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
গত ১৫ জানুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর টেলিফোন আলাপের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওই আলাপের ফলে মালয়েশিয়ার সরকার কাগজপত্রবিহীন বিদেশি কর্মীদের জন্য সাময়িক ওয়ার্ক পাস ইস্যুর ঘোষণা দিয়েছে। ফলে মালয়েশিয়ায় অবস্থানরত আনুমানিক সাড়ে তিন লাখ কাগজপত্রবিহীন বাংলাদেশি কর্মী সে দেশে কাজের সুযোগ পাবেন। না হলে তাঁদের দেশে ফিরে আসতে হতো। আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মীর মোস্তাক আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মনজুরুল ইসলাম লিটনের হত্যায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া আলামত ব্যালিস্টিক ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, সব ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত ব্যবস্থার ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ফলে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।