সরকার উদ্যোগ নিলে আবাসন খাত চাঙা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর শামসুল আলামিন
আলমগীর শামসুল আলামিন

প্রথম আলো: ফ্ল্যাটের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এটি নিয়ন্ত্রণের কি কোনো উপায় আছে?
আলমগীর শামসুল আলামিন: মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আবার জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। আগে যেখানে ৬০ থেকে ৭০ টাকায় একজন দিনমজুর পাওয়া যেত, এখন সেখানে লাগে ৫০০ টাকা। এ ছাড়া রড, সিমেন্টসহ আবাসনের বিভিন্ন উপখাতের কাঁচামালের দাম বেড়েছে। আবার চাহিদার চেয়ে রাজধানীতে জমির পরিমাণ একেবারেই নগণ্য। অন্যদিকে, রাজউকে একটি নকশা পাস করতেই দেড় বছর লেগে যায়। সব মিলিয়েই ফ্ল্যাট ও প্লটের দাম যায় বেড়ে। তবে ঢাকার আশপাশে যাওয়ার রাস্তাঘাটের যদি ব্যাপক উন্নতি করা যায়, তবে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আবাসন ব্যবসায়ীরা তখন রাজধানীর চারপাশে স্যাটেলাইট শহর গড়ে তুলতে পারবেন। এমনটি হলে ঢাকার ওপর চাপ কমার পাশাপাশি ফ্ল্যাটের দাম সহনীয় হয়ে যাবে। তাই এ সরকারের উচিত গুরুত্ব দিয়ে এসব চিন্তাভাবনা করা।
প্রথম আলো: গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে আবাসন খাত সংকটে পড়ে। এ খাতকে আবার চাঙা করতে কী দরকার?
আলমগীর শামসুল আলামিন: সরকার যদি ইতিবাচক উদ্যোগ নেয়, তবে আবার ঘুরে দাঁড়াতে পারবে এই শিল্প খাতটি। যেমন বিশ্বের অধিকাংশ দেশে গৃহঋণের ব্যবস্থা থাকলেও আমাদের দেশে তেমন কিছু নেই। সে জন্য সাধারণ ক্রেতারা সহজে ফ্ল্যাট বা প্লট কিনতে পারেন না। ক্রেতারা যাতে অল্প সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ পান, সে জন্য একটি তহবিল গঠন করার কথা বলছি আমরা। যাতে ক্রেতারা বাসা ভাড়ার টাকার সমান অর্থ দিয়ে এই ঋণ পরিশোধ করতে পারে। এ ছাড়া ঋণের পরিমাণও বাড়াতে হবে। যেমন গুলশানে এখন একটি ফ্ল্যাট কিনতে গেলে কমপক্ষে দুই থেকে আড়াই কোটি টাকা লাগবে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো দিতে পারে মাত্র এক কোটি টাকা। এ জন্য সরকারকে যুগোপযোগী নীতিমালা করতে হবে। ব্যাংকের হাতে প্রচুর টাকা আছে কিন্তু নির্দেশনার অভাবে তারা দিতে পারছে না। অবশ্য ব্যাংকারাই আবার বলছেন, এই খাতে কোনো ঝুঁকি ছাড়াই ঋণ দিতে পারেন তাঁরা। কারণ, এ জন্য ফ্ল্যাট বা প্লট বন্ধক রাখতে হয়। কেউ ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে তা বিক্রি করে অর্থ আদায় করা যায়। সরকার যদি এই কাজগুলো করে দেয়, তাহলেই আবাসন খাত চাঙা হয়ে যাবে।
প্রথম আলো: অনেক আবাসন প্রতিষ্ঠানের ভুয়া প্রকল্পের জন্য প্রতারিত হচ্ছেন ক্রেতারা। প্রতারণার হাত থেকে ক্রেতাদের মুক্ত রাখতে রিহ্যাব কী করছে?
আলমগীর শামসুল আলামিন: কেউ যদি অননুমোদিত প্রকল্প প্রদর্শন করে, তাহলে ওই প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দেওয়া হবে। এবারের আবাসন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে আমরা ইতিমধ্যে চিঠি দিয়ে এ বিষয়ে সতর্ক করেছি। ভুয়া প্রকল্প চিহ্নিত করতে রিহ্যাব পরিদর্শন দল থাকবে। তবে ক্রেতারা সচেতন হলে এ সমস্যার অনেক সমাধান হয়ে যায়। এ জন্য মেলায় রিহ্যাবের একটি তথ্যকেন্দ্র থাকবে। ক্রেতারা যেকোনো ফ্ল্যাট বা প্লটের তথ্যাদি এখান থেকে যাচাই করতে পারবেন।
প্রথম আলো: আবাসন ব্যবসায়ীদের প্রায়ই ড্যাপ নিয়ে বিষোদ্গার করতে দেখা যায়। এ বিষয়ে রিহ্যাবের দৃষ্টিভঙ্গি কী?
আলমগীর শামসুল আলামিন: ডিটেইল এরিয়া প্ল্যানকে (ড্যাপ) আমরা স্বাগত জানাই। তবে এটি প্রস্তুত করার সময় আবাসন ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হয়নি। অনেকটা এক তরফাভাবে করা হয়েছে। নতুন করে আবার ড্যাপ হচ্ছে। এবারও যদি রাজউক আমাদের অংশীদার মনে না করে এবং কোনো প্রতিনিধি না রেখে রাতারাতি ড্যাপ তৈরি করে, তবে আমরা মানব না। তা ছাড়া এমন আইন না করাই ভালো, যা মানা সম্ভব নয়। তাই আমাদের পরামর্শ হচ্ছে, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে রাজউকের উচিত এই ড্যাপ করা। না হলে বর্তমানের মতো ভবিষ্যতেরটি অকার্যকর থাকবে।