সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে

জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম ও বছরের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। জাতীয় সংসদকে দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি ও বিরোধী দল-নির্বিশেষে সবাইকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে এ প্রতিষ্ঠানে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন।
আবদুল হামিদ বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমস্যা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর মাধ্যমে জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।
রাষ্ট্রপতি বলেন, অতীতের অব্যবস্থাপনা ও অদক্ষতা কাটিয়ে উঠে ক্ষুধা-দারিদ্র্য ও শোষণমুক্ত দেশ গড়তে মহাজোট সরকার গত মেয়াদে নিরন্তর প্রয়াস চালিয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার আন্তরিকতার পরিচয় দিয়েছে।
রাষ্ট্রপতি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম-আয়ের দেশে পরিণত হবে, এটাই জাতির প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের মাধ্যমেই দেশবাসী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। একইভাবে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ’ তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করেছে। জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া জাতীয় চার নেতা হত্যার বিচার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান রয়েছে এবং মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের রায় কার্যকর হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের কার্যক্রমের ধারাবাহিকতায় নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
৯১ লাখ কর্মী কর্মসংস্থানের জন্য বাইরে গেছেন
আবদুল হামিদ বলেন, বাংলাদেশের প্রায় ৯১ লাখ কর্মী কর্মসংস্থানের জন্য বিশ্বের ১৬০ টি দেশে গেছেন। জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ায় জনপ্রতি ২৭ হাজার টাকা ব্যয়ে কর্মী পাঠানো হচ্ছে। ইতিমধ্যে সাত হাজার কর্মী পাঠানো হয়েছে। ২০১৪ সালে ৪ লাখ ২৫ হাজার ৫৪৭ জন কর্মী পাঠানো হয়েছে এবং তাদের পাঠানো রেমিট্যান্স ১৪ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার, যা জাতীয় অর্থনীতিতে জিডিপির ১১ শতাংশের বেশি।
বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১১ হাজার ২৬৫ মেগাওয়াট
রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ’ শীর্ষক প্রকল্পটি ইতিমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সরকার তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১১ হাজার ২৬৫ মেগাওয়াটে পৌঁছেছে। বিদ্যুতের সুবিধাভোগী জনগণের সংখ্যা শতকরা ৬৮ ভাগে উন্নীত হয়েছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার ৩২৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালের মধ্যে আরও ৯ হাজার ৬৪৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে। ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু জনগণের জন্য খুলে দেওয়া হবে
আবদুল হামিদ বলেন, সরকার দেশের সব অঞ্চলের মধ্যে সুষ্ঠু এবং সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর বাস্তবায়ন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ২০১৮ সালের মধ্যে জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন বিজয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের সুফল
আবদুল হামিদ বলেন, রাষ্ট্রনায়কোচিত ও দূরদর্শী নেতৃত্ব, শান্তি ও গণতন্ত্রের প্রতি সুদৃঢ় অঙ্গীকার এবং নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেসকোর ‘শান্তি বৃক্ষ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। জাতিসংঘ সাউথ সাউথ কো-অপারেশন দপ্তর ও অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল সাউথ সাউথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৪ ’ প্রদান করে। সরকারের বলিষ্ঠ পররাষ্ট্রনীতির ফলে ২০১৪ সালে বাংলাদেশ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের কাউন্সিল সদস্যসহ ১৩ টি সংস্থার নির্বাচনে জয়লাভ করেছে। এসব বিজয় বাংলাদেশের জন্য সম্মান ও গৌরবের পরিচায়ক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক অবস্থান সুদৃঢ়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের সুফল।
রাষ্ট্রপতি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূচিত ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’ নীতি সমুন্নত রেখেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে। গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও জোরদার করার লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সরকারের সময়ে ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়েছে, যা দেশে স্থাপিত কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থার প্রথম স্থায়ী সচিবালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে জাপান ও চীনের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নবদিকের সূচনা করেছেন। এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।