সরকার উন্নয়নের কথা প্রচার করতে পারে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্টজনরা বলেছেন বিলবোর্ডের মাধ্যমে সরকার উন্নয়নমূলক কাজের প্রচার করতে পারে, কিন্তু প্রচার করার ক্ষেত্রে কোনো অনিয়ম করা চলবে না। এতে করে সরকার যে উদ্দেশ্যে প্রচার চালাচ্ছে,সেটা ব্যর্থ হওয়ার আশঙ্কা বেশি।

সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলো ডট কম কে বলেন, বিলবোর্ড লাগিয়ে উন্নয়ন কর্মসূচীর প্রচার দোষের কিছু না। কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা অভূতপূর্ব। এর সঙ্গে ১৯৬৮ সালে স্বৈরশাসক আইয়ূব খানের উন্নয়নের দশক শিরোনামে পত্রপত্রিকায় যে ক্রোড়পত্র ছাপা হয়েছিল তার সাদৃশ্য পাওয়া যায়। ওই ক্রোড়পত্র প্রকাশের পর আইয়ূববিরোধী আন্দোলন জোরদার হয়েছিল। তিনি বলেন,‘যেভাবে বিলবোর্ড দখল করা হয়েছে তা অস্বাভাবিক এবং অনৈতিক। নগরের লোকজন রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা দেখেনি,ঘুম থেকে উঠে তা-ই দেখতে হয়েছে। বিষয়টি অনৈতিক, কারণ অন্যের বিলবোর্ড দখল করে উন্নয়নের বার্তা প্রচার করা হয়েছে। এতে করে সব ধরনের দখলদারি উত্সাহিত হবে। আর এই বিলবোর্ডগুলো বিএনপি-জামায়াত দখল করে নেয় তখনই বা বিষয়টি কেমন দাঁড়াবে’?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলো ডটকমকে বলেছেন, বিলবোর্ড, সাইনবোর্ড এগুলো যোগাযোগের কার্যকর মাধ্যম। বিশ্বের প্রায় সবদেশেই এ মাধ্যমের ব্যবহার আছে। পাশ্ববর্তী দেশ ভারতেও নির্বাচনী প্রচারে এ মাধ্যম ব্যবহার করা হয়। সরকার যেসব উন্নয়ন কাজ করেছে তা জনগণকে জানানোর জন্য বিলবোর্ডে প্রচার করছে। এটি জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশ ভারতে বেশ অনেক বছর ধরেই বিলবোর্ডের মাধ্যমে সরকার ও বিরোধীদল তাদের প্রচার চালিয়ে আসছে। ভারতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নানাকারণে সমালোচিত নরেন্দ্র মোদী বিলবোর্ডে তাঁর বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন সম্প্রতি। গত ১৮ জুলাই ইন্ডিয়া টুডে তে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, কিংবা অটল বিহারী বাজপেয়ীও সুদৃশ্য বিলবোর্ড এর মাধ্যমে উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন জনগণকে। ইউরোপ, আমেরিকাতেও যোগাযোগের জনপ্রিয় মাধ্যম বিলবোর্ড।  

সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার বলেছেন, সব সরকারই উন্নয়নের কথা জনগণকে জানান। সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হয়, পুস্তিকা বের হয়। নিঃসন্দেহে বিলবোর্ডও একটি মাধ্যম। সময় যত এগুচ্ছে, প্রচারে নিত্যনতুন অনুষঙ্গ যুক্ত হচ্ছে। বিলবোর্ডটি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে, নির্দিষ্ট অংকের ভাড়া দিয়ে নেওয়া হয়েছে কী না সেটা দেখার বিষয়।

আলী ইমাম মজুমদার আরো বলেছেন, সরকার যদি ভালো কোনো কাজ করে থাকে তাহলে ভোটাররা ভোট দেবে। শুধু বিলবোর্ডে উন্নয়নের কথা প্রচার করলে ভোটাররা গ্রহণ করবে না।

বিলবোর্ডে প্রচার চালানোয় সরকারের যে লুকোছাপা সেটির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার। তিনি বলেছেন,সন্দেহ নেই বিলবোর্ড কার্যকর মাধ্যম। কিন্তু কারা এই বিলবোর্ড করেছে সেটি পরিষ্কার হওয়া দরকার। বিলবোর্ডের কোথাও এ বিষয়ে কোনো তথ্য নেই।