
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ নিয়ে দেশ পরিচালনা করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা ও সামাজিক সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে সুশাসন প্রতিষ্ঠার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।
গতকাল বুধবার দশম জাতীয় সংসদের নবম ও ২০১৬ সালের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে রাষ্ট্র ও সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখবে।
অধিবেশনে এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন। গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর রেওয়াজ অনুযায়ী খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি ভাষণ দেন।
৪৫ মিনিটের ভাষণে আবদুল হামিদ বলেন, শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও বৈরিতার মধ্যেও দেশের উন্নয়ন কর্মসূচিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। জাতির প্রত্যাশা, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হবে।
মানব পাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এর ফলে দেশে নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনে স্বস্তি বিরাজ করছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকারের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধা রেখে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করছে এবং বিচারের রায় কার্যকর করছে। শিশু রাজন হত্যা ও রাকিব হত্যা মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি বিচারিক আদালত কর্তৃক বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে শিশু রাজন হত্যা মামলা এবং খুলনার শিশু রাকিব হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে।
অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আলোচনা হবে ৪৫ ঘণ্টা।
বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াসহ রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ ও মঈন উদ্দীন খান বাদল উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির ভাষণ শেষে সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।