সরকার উপজেলায় আরও উলঙ্গ হয়েছে: বিএনপি
সরকার ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ‘নোংরামিতে’ উৎসাহী হয়ে এখন উপজেলা পরিষদ নির্বাচনে আরও ‘উলঙ্গ’ হয়ে নেমেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, উপজেলা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর একজন উপদেষ্টা এবং ‘আজ্ঞাবহ’ নির্বাচন কমিশন মিথ্যাচার করছে।
গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আসলে প্রধানমন্ত্রীর নির্দেশমতো নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি করে মানুষ হত্যা, সরকারদলীয় সন্ত্রাসীদের মহাধুমধামে কেন্দ্র দখল করা, প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে জাল ভোট দেওয়া, ব্যালট পেপারে গণসিল মারতে কমিশন স্বাধীনভাবেই কাজ করেছে।’ তিনি বলেন, চতুর্থ দফার নির্বাচনে প্রধানমন্ত্রীর লোকেরা বিএনপির দুজনসহ চারজনের জীবন নিয়েছে, ৫০০ জনকে আহত করে জাঁকজমকের সঙ্গে ভোট ডাকাতি করেছে।
‘চতুর্থ ধাপের নির্বাচন আগের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে’—এইচ টি ইমামের এ বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, এ ধরনের বাস্তবতাবিবর্জিত কথা বলার জন্য প্রধানমন্ত্রী ‘বিবেকবর্জিত’ কিছু উপদেষ্টা নিয়োগ দিয়ে রেখেছেন।
সংবাদ সম্মেলনে রোববারের নির্বাচনে পুলিশ ও বিজিবির গুলিতে আখাউড়া পৌর যুবদলের সহসভাপতি হাদিস মিয়া ও বরুড়া উপজেলা যুবদলের কর্মী মনির হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।