সরকার উৎখাতে নার্সদের নামানো হয়েছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্সদের আন্দোলনে নামিয়ে দিয়ে ষড়যন্ত্রকারীরা একটা লাশ চেয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘১৯৭৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসায় যেমন জাসদ নামে একটি দল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল, তেমনি তারা সরকার উৎখাতের জন্য একটা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু এই প্ল্যান আমি সফল করতে দিইনি।’

গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নার্সরা কেন আমার বাড়ির সামনে যাবে? এটা তো আমার ব্যক্তিগত বাড়ি। কোনো আন্দোলন দরকার হলে সেটা সরকারি বাসভবনের সামনে যেতে পারতেন। আমি জেনেছি, ওখানে নার্সদের নামে ভাড়াটিয়া নার্স ছিল অর্ধেকের বেশি। আসলে তাঁরা হেফাজতে ইসলামের মতো করতে চেয়েছিলেন। কোনোমতে মন্ত্রীর বাড়ির সামনে একটা লাশ ফেলতে পারলে সেটা নিয়ে সরকার উৎখাতের আন্দোলনে নামতে পারবেন।’

মোহাম্মদ নাসিম দাবি করেন, ড্যাবের একজন নেতা, এনজিও কর্মী ও বিদেশি একটি গবেষণা সংস্থার একজন কর্মকর্তা ধানমন্ডিতে একটি বাসায় বৈঠক করেছিলেন। অর্থের বিনিময়ে নার্সদের আন্দোলনে নামানো হয়েছিল। এখন নার্সরা এসে বলছেন, তাঁদের পরীক্ষা নেওয়া হোক। বাস্তবে তাঁদের আমও গেল, ছালাও গেল।

গ্রামীণফোনের লাইসেন্সে নোবেল পুরস্কার: মোহাম্মদ নাসিম বলেন, ‘ইউনূস সাহেব (নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস) গ্রামীণফোনের চেয়ারম্যান ছিলেন। অনেকবার আমার কাছে এসেছিলেন। উনি ছিলেন চার নম্বর আবেদনকারী। কিন্তু দেওয়ার সুযোগ ছিল তিনটির। ওনার একটা অভ্যাস ছিল, উনি মার্কিন কংগ্রেসম্যানদের দিয়ে চিঠি পাঠাতেন। আমাকে একদিন প্রধানমন্ত্রী বললেন, নাসিম ভাই, আপনি ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়ে দেন, জ্বালিয়ে মারছেন। আমি ওনাকে গ্রামীণফোনের লাইসেন্স দিলাম। সেই লাইসেন্সের বদলে উনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন।’