সরকার উৎখাতের আহ্বান জামায়াত নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করেছেন, ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ শুরু করে দিয়েছে। তাঁরা মনে করেন, এই বাঁধ নির্মাণ থেকে ভারতকে বিরত রাখতে হলে বর্তমান সরকারকে উৎখাত করতে হবে।‘টিপাইমুখ বাঁধ নির্মাণ’—এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে জামায়াতের নেতারা এসব কথা বলেন। তাঁরা অভিযোগ করেন, সরকার জনগণের কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তারা আমার দেশ-এর প্রকাশনা বাতিল ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করার নিন্দা করেন।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সরকারকে উদ্দেশ করে বলেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে আপনারা কথা বলুন। আপনারা দেয়ালের লেখা পড়ুন। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে আপনাদের অবশ্যই বিদায় নিতে হবে। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, সরকার সারা দেশে জামায়াতের শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। এ সরকার স্বৈরাচারী সরকার। জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, দেশ দুঃশাসনের কবলে পড়ে গেছে। সরকার নিজেই দেশকে অস্থিতিশীল করে তুলছে। আওয়ামী লীগ সরকারের পক্ষে জনগণের সমস্যা নিরসন করা সম্ভব নয়। সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, যেভাবে আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে, সেটা রীতিমতো ডাকাতির মতো। মাহমুদুর রহমান যদি অন্যায় করে থাকেন, ব্যক্তিগতভাবে তাঁকে শাস্তি দেওয়া হোক। কিন্তু পত্রিকাটি কী দোষ করল।সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহার বলেন, ‘যদি আমরা টিপাইমুখ বাঁধ থেকে ভারতকে বিরত রাখতে চাই, জনদুর্ভোগ কমাতে চাই, তাহলে এই সরকারের পতন ছাড়া বিকল্প নেই।’ আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান বলেন, টিপাইমুখ বাঁধ ঠেকানোর বদলে সরকারকে ঠেকাতে হবে। এই সরকারকে বেশি দিন ক্ষমতায় রাখা যাবে না।জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, আবদুল হালিম, রেদওয়ান উল্লাহ শাহিদী প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।