সরকার উৎখাতের চেষ্টা বাদ দিয়ে জনগণের জন্য কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উৎখাতের অপচেষ্টা বাদ দিয়ে জনগণের আস্থা অর্জন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতের নামে সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করুন।’জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের মদদদাতাদের জনগণ আর কখনোই ক্ষমতায় আনবে না। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হয়। বঙ্গবন্ধুর খুনিদের দূতাবাসে চাকরি দেওয়া হয়। এমনকি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে খুনিদের সংসদ সদস্য করা হয়। প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে প্রশ্ন করেন, ‘আপনি মানুষ পুড়িয়ে হত্যা করে, অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে কী দিতে চান?’ তিনি বিএনপি-জামায়াতের ডাকে হরতালের আগের দিন গত ২৬ জুন রাতে মগবাজার মোড়ে আগুনে পুড়িয়ে ফারুক হোসেনকে হত্যার কথা উল্লেখ করে প্রশ্ন করেন, ‘একজন মুসলমান আরেকজন মুসলমানকে কী করে পুড়িয়ে হত্যা করার নির্দেশ দিতে পারে? আর তাদের সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী।’শেখ হাসিনা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচার-নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেওয়ার কথা উল্লেখ করেন। পরে বিরোধী দলকে ‘সন্ত্রাস-দুর্নীতি করব না, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলব না’—এই শপথ নিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, জনগণের অর্থ-সম্পদ লুট করতে ক্ষমতায় যেতে না পারায় তারা এখন সরকার উৎখাতের ষড়যন্ত্র শুরু করেছে। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। বিএনপি-জামায়াত জোট সরকার এসে দেশকে পুনরায় খাদ্য ঘাটতির দেশে পরিণত করে।’শেখ হাসিনা বলেন, ঘাতকেরা জাতির জনককে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাঙালি জাতিকে গোলামির জিঞ্জির পরাতে চেয়েছিল। কিন্তু একজন ব্যক্তিকে হত্যা করে তাঁর আদর্শকে হত্যা করা যায় না। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আজ আমাদের শপথ নিতে হবে।’রক্তদান কর্মসূচির আগে কৃষক লীগের সভাপতি মীর্জা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রহমত আলী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। বাসস, ইউএনবি।