বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেছেন, গত এক বছরে সরকার একটি সফলতাও দেখাতে পারেনি। তারা সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকারের আচরণের কারণেই সংসদ কার্যকর হতে পারেনি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গতকাল বুধবার বিএনপির যৌথসভা শেষে বিএনপি মহাসচিব সংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘গত এক বছরে সরকারের কোনো সফলতা নেই। সব কাজেই ব্যর্থতা দেখিয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো, সংসদকে কার্যকর করতে না পারাই সরকারের বড় ব্যর্থতা। তিনি ব্যর্থতা হিসেবে সরকারদলীয়দের চাঁদাবাজি ও টেন্ডারবাজির কথাও উল্লেখ করেন। সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহ-সভাপতি হারুন আল রশিদ, সেলিমা রহমান, কোষাধ্যক্ষ আবদুল মান্নান, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন প্রমুখ উপস্থিত ছিলেন।