সরকার এক বছরে ১০ সচিবসহ ২২৪ কর্মকর্তাকে ওএসডি করছে
ক্ষমতায় আসার পর বর্তমান সরকার গত এক বছরে ২২৪ জন সরকারি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করেছে। এর মধ্যে সচিব পর্যায়ের ১০ জন এবং অতিরিক্ত সচিব পর্যায়ের ১২ জন কর্মকর্তাকে জনস্বার্থে ওএসডি করা হয়। এ ছাড়া পদোন্নতি দিয়ে ৩৭ জনকে অতিরিক্ত সচিব, ৯২ জনকে যুগ্ম সচিব এবং ৩৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে ওএসডি করা হয়েছে। এ ছাড়া ফজলুল করিম নামে সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে গতকাল মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। সংসদে উপস্থিত না থাকলেও মন্ত্রী লিখিতভাবে উত্তর দেন। এর আগে বিকেল সোয়া তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শামসুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও কাজের শর্তাবলী নিয়ন্ত্রণে ‘সিভিল সার্ভিস অ্যাক্ট’ প্রণয়ন করা হবে। মে মাসের মধ্যে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করা হবে।যুদ্ধাপরাধের বিচার: সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩-এর কিছু বিধান সংশোধন করা হয়েছে। বিচার-প্রক্রিয়ার অংশ হিসেবে ইনভেস্টিগেশন এজেন্সি প্রতিষ্ঠা, চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউটর নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম চলছে।জাতীয় পার্টির সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের সব আদালতকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা হবে। তিনি বলেন, দেশের জনগণ যেন স্বল্প খরচে ন্যায়বিচার লাভ করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিচারকের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও সরকারের আছে। মন্ত্রী জানান, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০৯ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। আরও ১০০ জন সহকারী জজ নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মত্স্য ও পশুখাদ্য বিল পাস: প্রশ্নোত্তরপর্ব শেষে গতকাল জাতীয় সংসদে মত্স্য ও পশুখাদ্য বিল-২০১০ সংসদে পাস হয়েছে। মত্স্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিলটি সংসদে উপস্থাপন করেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সংশোধনী প্রস্তাব নাকচ হওয়ার পর বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে মন্ত্রী মত্স্য ও হ্যাচারি বিল-২০১০ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।