সরকার একজন নারীরও প্রসবকালীন মৃত্যু দেখতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, সরকার দেশে একজন নারীরও প্রসবকালীন মৃত্যু দেখতে চায় না। এ মহান ইচ্ছা পূরণে চিকিৎসাসংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে সরকার স্বাস্থ্য বিভাগে সাড়ে ৩২ হাজার লোক নিয়োগ করেছে। এ ছাড়া এ বিভাগে যেসব শূন্যপদ রয়েছে, শিগগিরই সেগুলো পূরণ করা হবে। গতকাল বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় ভট্টাচার্যের সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ওষুধ কালোবাজারে বিক্রি করা ঠেকাতে লাল ও হলুদ প্যাকেটে মোড়ানো ওষুধ সরবরাহ করা হবে। নতুন মোড়কের এসব ওষুধ বাজারে পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।