সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের একনায়কত্ব প্রতিষ্ঠার জন্য মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে বেয়নটের আঘাতে ক্ষতবিক্ষত করছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া।  তারা কেবল তাদের লালিত সন্ত্রাসীদের দিয়েই নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে অরাজক ও ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। হত্যা, গুম, অপহরণ ও জুলুম-নির্যাতন চালিয়ে সরকার জনবিস্ফোরণের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না।

বিএনপির মুখপাত্রের অভিযোগ, জিআরপি পুলিশ গ্রেপ্তার করার পর গতকাল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা যুবদল নেতা মো. শাকিলকে যুবলীগ-ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। সন্ত্রাসীরা শাকিলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং আরেক নেতা কবিরকে গুরুতর আহত করে। এ ঘটনার নিন্দা জানান ফখরুল।

আরেক বিবৃতিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান শামীম চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এভাবে গ্রেপ্তার করে বিরোধী নেতা-কর্মীদের দমন করা যাবে না। বরং এতে বর্তমান অবৈধ সরকারের প্রতি মানুষের ঘৃণা ও ক্ষোভ তীব্রতর হচ্ছে।