সরকার একদলীয় শাসন চালু করার ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার বাকশালি কায়দায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে একদলীয় শাসনব্যবস্থা চালু করার ষড়যন্ত্র করছে। একই সঙ্গে তারা দেশে বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার নানা ফন্দি-ফিকির করছে। কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না। গতকাল সোমবার নওগাঁ জেলা বিএনপি আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বর্তমান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী দলের নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে তা প্রতিরোধে বিএনপির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়।শহরের করনেশন হল সোসাইটি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান। সম্মেলনে জেলার ৯৯টি ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার প্রতিনিধি অংশ নেন। নজরুল ইসলাম খান বলেন, দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচনে অধিকাংশ চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা নির্বাচিত হয়েছেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির নেতা ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুল লতিফ খান, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রামাণিক, সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী, সাবেক সাংসদ ছালেক চৌধুরী, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক, বিএনপির নেতা আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম ও মামুনুর রহমান।