বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সব মূল্যবোধকে ধ্বংস করছে। তারা দলীয়করণের মাধ্যমে অতীতের মতো একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সম্মেলনের উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মমিনুল হক। এতে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এই সরকার বিচার বিভাগকে নির্লজ্জভাবে দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, জাতীয় সংসদকে অকার্যকর করছে এবং নির্বাচন কমিশনের ওপর অবৈধ প্রভাব বিস্তার করছে। তারা জিনিসপত্রের দাম কমাতেও ব্যর্থ হয়েছে।