সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা সব সময় হুমকির মুখে রয়েছেন। সরকার একা এই হত্যার বিচার করতে না পারলে জাতিসংঘের সহায়তা নেওয়া উচিত।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান এ কথা বলেন। হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবিতে আয়োজিত এই আলোচনা সভায় তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, দেশে আলবদর-আলসামসরা সক্রিয় রয়েছে। এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের এক জনসভায় গ্রেনেড হামলায় মারা যান শাহ্ কিবরিয়া। সেই থেকে পাঁচ বছরেও কিবরিয়া হত্যা মামলা আলোর মুখ দেখেনি।সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার এই মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছিল। পাঁচ বছর পর এসে তদন্ত ফাইল গায়েব হওয়ার মতো ঘটনাও ঘটেছে। বক্তারা কিবরিয়াকে একজন বড় মাপের মানুষ আখ্যা দিয়ে তাঁর স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে একটি কিবরিয়া চেয়ার প্রতিষ্ঠা ও হবিগঞ্জে তাঁর নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করার দাবি জানান।প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, পাঁচ বছরেও এই হত্যার বিচার না হওয়া খুবই দুর্ভাগ্যজনক। বর্তমান সরকার এই হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।শাহ কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় কিবরিয়া হত্যার বিচারের বিষয়েও তাঁর মনে আশার সঞ্চার হয়েছে। তবে বিচারের জন্য ৩৪ বছর অপেক্ষা করতে হয় কি না—সে আশঙ্কায় তিনি খানিকটা শঙ্কিতও।